আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের কাজ দরকষাকষি শেষে দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন রয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। এটি সম্পন্ন হলে সকালে সিলেট থেকে ট্রেনে ঢাকায় গিয়ে দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যায় সিলেটে ফেরা সম্ভব হবে বলে জানান তিনি।
সিলেট-চট্টগ্রাম রুটে বিদ্যমান গ্যাপ দূর করে উন্নত রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এর ফলে সিলেটে উৎপাদিত পণ্য কার্গো ট্রেনে ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব হবে। বিনিয়োগ বাড়াতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।