সিলেটে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলার স্মরণ ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর সিলেটের কোর্ট পয়েন্টে হামলায় তৎকালীন মহানগর ছাত্রশিবির সভাপতি ড. নূরুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। তাঁর মাথার খুলি ভেঙে গেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় পাঠানো হয় বলে দাবি করেন তিনি।
ফখরুল ইসলাম অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশে শাসন প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে। তিনি আরও অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই সনদ ও সংস্কার উপেক্ষা করে একদলীয় শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে ২০০৬ সালের ঘটনার বর্ণনা দিয়ে ফখরুল ইসলাম দাবি করেন, সেদিন সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দক্ষিণ সুরমায় জড়ো হন। পরে তাঁরা আধুনিক রেলওয়ে স্টেশন, কীনব্রিজের নিচের সৌন্দর্যবর্ধন স্থাপনা ও সার্কিট হাউস এলাকায় ভাঙচুর ও লুটপাট চালান। এরপর কোর্ট পয়েন্টে গিয়ে নূরুল ইসলাম বাবুলসহ নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
ফখরুল ইসলামের ভাষ্য, দীর্ঘ চিকিৎসার পর বাবুল স্বাভাবিক জীবনে ফিরলেও এখনো কথা বলতে গিয়ে মাঝে মাঝে তাঁর কথা জড়িয়ে যায়। ড. নূরুল ইসলাম বাবুল বর্তমানে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির এবং আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শামীম আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।