৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

সিলেট মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচনের লক্ষ্যে রুকন সম্মেলন করেছে দলটি। শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর এম সাইফুর রহমান অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে রুকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমীর নির্বাচনের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে সংগঠনের দায়িত্বশীলদের জবাবদিহি ও আমানতদারিতার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জুবায়ের বলেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে কাজ করে যেতে হবে। আর্তমানবতার কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সব পর্যায়ে আমানতদারিতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় জামায়াত।

তিনি বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন। রুকনদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগরের নতুন আমীর নির্বাচিত হবেন। সংগঠনের দায়িত্ব পাওয়া পদমর্যাদার বিষয় নয়, বরং এটি একটি আমানত। তাই ব্যক্তিগত স্বার্থ ও আরাম-আয়েশের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে নিজের কাজের হিসাব দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সম্মেলনটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

এ ছাড়া বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। সম্মেলনে সিলেট মহানগরীর বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশ নেন।

স্থানীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন সম্মেলনের বক্তারা। এলাকার মানুষের চাহিদা ও সমস্যা বিবেচনায় নিয়ে নির্বাচনী কার্যক্রম সাজানো, কর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক শৃঙ্খলা বাড়ানো এবং ঘরে ঘরে মতবিনিময়ের মাধ্যমে জনসমর্থন অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *