সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
এসএমপির মিডিয়া শাখা জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৫টি যানবাহন আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সময়কালে নগরজুড়ে চালানো অভিযানে গ্রেপ্তার ৩৮ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি এবং মেট্রো অধ্যাদেশের আওতায় আটক ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩ হাজার ২৫০ কেজি ভারতীয় চা-পাতা, ২০০ পিস চকলেট এবং ২০০ পিস সাবান।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ও থানা পুলিশের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।