প্রযুক্তির দ্রুত উৎকর্ষের সাথে সাথে এর নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম চরম ঝুঁকির মধ্যে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মুফতি আলী হাসান উসামা। মঙ্গলবার (৬ অক্টোবর) সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার নাজিরেরগাঁও শাখায় আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি উসামা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মোবাইল ডিভাইসে ক্ষতিকর আসক্তির কথা উল্লেখ করে অভিভাবকদের দ্রুত সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ডিভাইসের ভয়াবহতা থেকে রক্ষা করতে মহানবী (সা.)-এর অতুলনীয় চারিত্রিক আদর্শ ও জীবনের সৌন্দর্য তাদের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে মেধা ও চরিত্র গঠনের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়াই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একমাত্র মাধ্যম। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী অন্যায়-অবিচার থেকে মুক্তিতে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের ওপর জোর দেন।
নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীরাত উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা হানীফ হোসাইন ও সদস্য সচিব মাওলানা আমীর হোসাইনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী আরিফুল ইসলাম নাবিল এবং নাত পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক সানাউল ইসলাম সুয়েজসহ অন্যান্যরা। সাবেক স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রী সংসদের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।