৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা জাতীয় সিলেট

৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চাইল সদরদপ্তর

৩০তম ও ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে কি না, থাকলে সেসব মামলার সর্বশেষ অবস্থা কী, তা জানতে চেয়েছে পুলিশ সদরদপ্তর। একই সঙ্গে তাঁদের বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত রোববার (১ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা থাকলে সেগুলোর সর্বশেষ অবস্থা ও হালনাগাদ তথ্য হার্ডকপি ও সফটকপি উভয় মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

তথ্য চাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন রয়েছেন। তাঁরা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। বর্তমানে তাঁরা পুলিশ সদরদপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত।

তালিকায় কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের পাশাপাশি বিশেষ অবস্থার তথ্যও রয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত হিসেবে দেখানো হয়েছে। অন্য একজন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে কর্মরত রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে আবারও তথ্য চাওয়া হয়েছে।

তবে তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তার সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, এমন কোনো তথ্য বা সিদ্ধান্ত দেয়নি পুলিশ সদরদপ্তর। কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আছে কি না, থাকলে সেগুলোর সর্বশেষ অবস্থা কী, তা যাচাই করতেই এই তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *