রাজনৈতিক সহিংসতা ও প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে বর্তমান পরিস্থিতিতে সিলেটসহ সারাদেশে অবাধ ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
নাহিদ ইসলামের অভিযোগ, ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দলে সাম্প্রতিক সময়ে বহু মানুষ হতাহত হয়েছেন। একই সঙ্গে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন দলীয়করণের শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা জরুরি।
নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। ওই প্রস্তাবের ভিত্তিতে আগামী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি।