সিলেটের ব্যবসায়ী ও রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন। ২৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘কাচ্চি ডাইন প্রেজেন্ট গ্রীনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এর ৮ম আসরে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাজুল ইসলামকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও গ্রীনলিফের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কৃষিবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন তালুকদার, মিন্টু তালুকদার, ড. আনোয়ার উজ্জামান ও সততা জুয়েলার্সের চেয়ারম্যান আরিফ হোসাইন।
একই অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নূতন ও মুনমুনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া মোশাররফ করিম, তানজিন তিশা, ওমর সানি, রবী চৌধুরী, কেয়া পায়েল, নিরব হোসাইন, তৌসিফ মাহবুবসহ বিনোদন, সংগীত, নৃত্য ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গুণী ব্যক্তি, শিল্পী ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনটি গ্রীনলিফ অ্যাওয়ার্ডের ৮ম আসর।