সিলেট মহানগরীর লালদিঘীর পাড় এলাকায় অসাধু উপায়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটি থেকে মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জব্দ করা হয়। পরবর্তীতে সাধারণ মানুষের সম্মুখে জব্দকৃত এসব অনুপযোগী খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এবং বিএসটিআই (BSTI)-এর সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিব জানান, ভোক্তাসাধারণের অধিকার সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে জেলা প্রশাসনের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।