সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের আঞ্চলিকতা ও সামাজিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শাবিপ্রবির স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলীকে সদস্য সচিব করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থী মো. ইউসুফ ওমর সালেকিন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। শনিবার (৩ অক্টোবর) সিলেটের আঞ্চলিক বিষয়াদি নিয়ে দেওয়া তাঁর একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থী ভুল স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্ট দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ড. মিজানুর রহমান এবং অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। অফিস আদেশে কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে।