৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা আন্তর্জাতিক জনস্বার্থ সংবাদ প্রবাস সংবাদ রাজনীতি

বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে উদ্ধেগ, যুক্তরাজ্যে জাস্টিস ফর জুলাই ইউকের প্রতিবাদ সভা

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিবাদ সভা করেছে জাস্টিস ফর জুলাই ইউকে। সোমবার (২৬ অক্টোবর) আলতাব আলী পার্কে আয়োজিত এ সভা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানসহ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সিরাতুল আম্বিয়া। সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি আবু তালহা। কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এতে অংশ নেয় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকে।

সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে নাগরিকদের হয়রানি, নির্যাতন ও অন্যায় গ্রেপ্তারের শিকার হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁরা বলেন, জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার সমুন্নত রাখা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রসঙ্গে বক্তারা বলেন, প্রত্যেকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত ও প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার নিষ্পত্তি করতে হবে। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানসহ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানান তাঁরা।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বক্তারা বলেন, ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠা ছিল ওই অভ্যুত্থানের অন্যতম প্রধান প্রত্যাশা। এসব প্রত্যাশা বাস্তবায়নে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি, আইনের শাসন এবং নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। তাঁদের বক্তব্য, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না।

দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রসঙ্গ তুলে বক্তারা বিমানবন্দরে তাঁদের হয়রানির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দেশে যাতায়াতের সময় প্রবাসীরা যাতে সম্মানজনক আচরণ ও প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, সহকারী সাংগঠনিক সম্পাদক তারেক খান, মোহাম্মদ মিজানুর রহমান, অফিস সেক্রেটারি রায়হান চৌধুরী, সহকারী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জামিরুল ইসলাম চৌধুরী এবং সংগঠনের সদস্য মোজাম্মিল হোসেন, মহসিন খান, মনির আহমদ, জালাল আহমদ ও ফয়সল আলম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এনাম চৌধুরী, ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক বেলাল হোসেন এবং রাইট কনসার্ন ইউকের সভাপতি শফিকুর রহমান।

সভা থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ সময় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকের প্রতিনিধিরা বাংলাদেশের মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *