৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

সাবেক মেয়র কামরান হত্যা চেষ্টা মামলায় খালাস ৭০ জন বিএনপি নেতাকর্মীর

সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ৭০ জন বিএনপি নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। প্রায় ১১ বছর ধরে চলা এ মামলার সর্বশেষ বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো রোববার (১ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায়ের মধ্য দিয়ে।

সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় দেন। খালাস পাওয়া ব্যক্তিরা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন জানান, এ রায়ের মধ্য দিয়ে একই ঘটনায় দায়ের করা দুটি মামলারই বিচারিক কার্যক্রম শেষ হলো।

খালাসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা।

একই ঘটনায় জালালাবাদ থানা-পুলিশ দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেছিল। এর মধ্যে দণ্ডবিধির মামলায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন সব আসামিকে খালাস দেন। এবার বিস্ফোরক দ্রব্য আইনের মামলাতেও তাঁদের খালাস দিলেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট নগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্চু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন। ২০২০ সালের ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *