৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আবহাওয়া ও পরিবেশ সিলেট

জাফলংয়ে ২০ বোমা মেশিন ধ্বংস, রাংপানিতে ৩০ নৌকা

জাফলংয়ের জুমপাড়ে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি বোমা মেশিন ধ্বংস করেছে প্রশাসন। একই দিনে জৈন্তাপুরের রাংপানি নদীতে ভেঙে অকেজো করা হয়েছে আনুমানিক ৩০টি নৌকা। অবৈধভাবে বালু, পাথর ও মাটি উত্তোলন বন্ধে শনিবার (৩১ অক্টোবর) গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক টাস্কফোর্স অভিযান চালানো হয়। এসব অভিযানে পাঁচটি অস্থায়ী তাঁবু ধ্বংসের পাশাপাশি দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড় ও তৎসংলগ্ন পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে উত্তোলনকাজে ব্যবহৃত ২০টি লিস্টার বা বোমা মেশিন ও পাঁচটি অস্থায়ী তাঁবু ধ্বংস করা হয়। এ ছাড়া দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২০ ফুট অংশ তাৎক্ষণিকভাবে মেরামত করে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। এলাকায় সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, ৪৮ বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অন্যদিকে, একই দিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বাংলাবাজারস্থ রাংপানি নদী ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজে কাউকে পাওয়া যায়নি। তবে উত্তোলনকাজে ব্যবহৃত আনুমানিক ৩০টি নৌকা ভেঙে অকেজো করা হয়।

পরিবেশ ও নদ-নদী রক্ষায় অবৈধভাবে বালু-পাথর ও মাটি উত্তোলনবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *