সিলেট নগরীর কুমারপাড়ায় ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে মহানগর পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আটক দুজনসহ মিছিলের প্রস্তুতিতে অংশ নেওয়া যুবকেরা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্যরা পালিয়ে যান।
আটক দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা আটকের বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।
ঘটনা সম্পর্কে জানতে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।