নতুন ভোটার নিবন্ধন কিংবা আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ-সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এ কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের।
ভোটার এলাকা পরিবর্তনের সময়সীমা
ইসির সময়সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। জমা দেওয়া আবেদন ইস্যুর শেষ সময় ৩ নভেম্বর। আর ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করতে হবে ৫ নভেম্বরের মধ্যে।
খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।
এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। আবেদনের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত ২৪ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় নির্ধারণ করেছে ইসি।