দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ উন্মুক্ত করার উদ্যোগের প্রতিবাদ এবং নিয়োগ ও পদোন্নতিতে নিজেদের অধিকার সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য এ পদে সুযোগ উন্মুক্ত করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান ও পদোন্নতির সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
আয়োজকেরা ১৯৭৮ ও ১৯৯৪ সালের সরকারি আদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে ৩৩ শতাংশ সুযোগ সংরক্ষণের দাবি জানান।
এ ছাড়া সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা শিক্ষার্থীদের ভর্তির কোটা নিশ্চিত করা এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির দ্রুত নির্বাচন আয়োজনের দাবি তোলেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পিডিবি, ডিপিডিসি ও নেসকোসহ বিভিন্ন সংস্থায় নিয়োগবিধি পরিবর্তনের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জ্যেষ্ঠতা ও পদোন্নতির সুযোগ ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে আটকে থাকা নিয়োগ কার্যক্রম দ্রুত চালুর আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন এফডিইবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ, সহসভাপতি মির্জা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনসহ সংগঠনের নেতারা। এ সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাহিয়ান ইসলাম, সেক্রেটারি তাশরিফ রহমানসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।