দেশে কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। এর আওতায় আটটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন, যৌথ শিক্ষাক্রম চালু এবং শিক্ষার্থীদের বৃত্তি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করবে বাংলাদেশ ও চীন।
শনিবার (১৭ অক্টোবর) চীনের তিয়ানজিনে ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের পক্ষে দেশটির শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ান এতে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যৌথভাবে কাজ করবে দুই দেশ। এ ছাড়া আটটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন, যৌথ শিক্ষাক্রম চালু এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ সমঝোতা স্মারক ও বেইজিং এগ্রিমেন্ট বাংলাদেশের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় নতুন গতি সঞ্চার করবে। এর মাধ্যমে বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।