জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, গত ছয় মাসে তিন দফায় (১৮ এপ্রিল, ৩১ মে এবং ২০ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমা সত্ত্বেও দেশে বারবার দাম বৃদ্ধিকে তিনি "গণবিরোধী সিদ্ধান্ত" হিসেবে উল্লেখ করে অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানান। এছাড়া বক্তব্য চলাকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘জুলাই সনদ ও গণভোটের রায়’ বাস্তবায়নের দাবি তোলেন।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। অতিথির বক্তব্যে তিনি বলেন, রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর অতিরিক্ত দায় চাপানো হয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা ড. নুরুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, ছাত্রশিবিরের নগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, শফিকুল আলম মফিক ও রফিকুল ইসলাম মজুমদার।