সিলেটের বিয়ানীবাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ৮ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার চারখাই এলাকা এবং চারখাই ইউনিয়নের কচকটখা স্থান থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রুমেল আহমদ (৩৫), ইলাবাজ গ্রামের তেরা মিয়ার ছেলে লায়েক আহমদ (২৭) এবং বলরামের চক গ্রামের মৃত অনুহার আলীর ছেলে সাহাবুদ্দিন (৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে চারখাই এলাকায় পরিচালিত প্রথম অভিযানে একটি মোটরসাইকেল থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ রুমেল আহমদ ও লায়েক আহমদকে আটক করা হয়। পরবর্তীতে শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় সাহাবুদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে আরও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ইয়াবা উদ্ধারের এসব ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।