৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

শিক্ষা সিলেট

শাবিপ্রবিতে ৮৫ গবেষণাপত্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

টেকসই স্থাপত্য, পরিবেশবান্ধব আবাসন ও জলবায়ু-সহনশীল বসতি নিয়ে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ে সিলেটে বসছে চতুর্থ আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলন। আগামী ৫ ও ৬ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠেয় এ সম্মেলনে ৮৫টি গবেষণাপত্র ও ৪৫টি পোস্টার উপস্থাপন করা হবে। এতে অংশ নেবেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, স্থপতি, পেশাজীবী ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শাবিপ্রবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সম্মেলনের কর্মসূচি ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন স্থাপত্য বিভাগের শিক্ষক ও আয়োজকেরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সবুজ স্থাপত্য সেল এবং শাবিপ্রবির স্থাপত্য বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ ও টেকসই আবাসের জন্য অনুকূল নকশা’। টেকসই স্থাপত্য ও আবাসস্থল উন্নয়নে নতুন ধারণার বিকাশ, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য।

সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ারদার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন শাবিপ্রবির স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।

দুই মূল প্রবন্ধে জলবায়ু ও আবাসনের প্রসঙ্গ

সম্মেলনে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের বৈশ্বিক সম্পৃক্ততা বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি উপস্থাপন করবেন ‘জলবায়ু নগরবাদ: ভিত্তিপ্রস্তর স্থাপন, নগর ভবিষ্যতের পুনর্কল্পনা’ শীর্ষক প্রবন্ধ।

অন্যদিকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক ও ২০২২ সালের আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবির উপস্থাপন করবেন ‘সম্প্রদায়ের সাথে যৌথভাবে আবাস সৃষ্টি’ শীর্ষক মূল প্রবন্ধ।

সম্মেলনের অংশ হিসেবে ‘টেকসই আবাস উন্নয়নের জন্য বৈশ্বিক সমন্বয়’ শীর্ষক একটি গবেষণা সেমিনারও অনুষ্ঠিত হবে। এতে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। অন্যদিকে, কারিগরি অধিবেশনগুলোর স্থান একাডেমিক ভবনের চতুর্থ তলায় স্থাপত্য বিভাগের সেমিনার কক্ষ।

শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম নিয়ে প্রদর্শনী

সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ই ভবন প্রাঙ্গণে স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম স্থান পাবে। প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের নকশা ও স্থাপত্যবিষয়ক ধারণা তুলে ধরার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেহের সুলতানা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনের প্লাটিনাম পৃষ্ঠপোষক মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকস। স্বর্ণ পৃষ্ঠপোষক লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। রৌপ্য পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আর্চজিন ও ভলিউমেট্রিক ডিজাইনার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *