পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। সেই দায়িত্বে থাকাকালেই পুলিশের ইউনিফর্ম পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিলেটের জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুক। পরে তাঁর গান গাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর তাঁকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক।
পুলিশের ইউনিফর্ম পরে তাঁর গান পরিবেশনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের কমিশনারের স্বাক্ষরিত আদেশে তাঁকে জালালাবাদ থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।