সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জনসাধারণের কাছে তথ্য চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঠিক তথ্য দিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহায়তা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। রাইফেল, এসএমজি, এলএমজি ও মেশিনগানের তথ্যের ক্ষেত্রে ২ লাখ টাকা এবং শটগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা মিলবে। এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের জন্য প্রতি রাউন্ড ৫০ টাকা পুরস্কার দেওয়া হবে। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এসব তথ্য দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
জননিরাপত্তা রক্ষা ও ঝুঁকি প্রতিরোধের উদ্দেশ্যে এই আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৯, সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। তিনি বলেন, হারানো সরকারি অস্ত্র যাতে অপরাধী বা দুষ্কৃতকারীদের হাতে না যায়, সেজন্য সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। প্রাপ্ত তথ্য গোপনীয়তার সঙ্গে যাচাই করে নির্ধারিত নীতিমালা অনুযায়ী পুরস্কার হস্তান্তর করা হবে।
তথ্য দিতে এসআরবি-৯ কন্ট্রোল রুমের ০১৭৭৭-৭১০৯৯৯ নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এছাড়া লিগাল অ্যান্ড মিডিয়া অফিসারের ০১৭৭৭-৭১০৯৫৬ নম্বরেও সরাসরি তথ্য দেওয়া যাবে।