সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন তিনি। পরে তাঁকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি হাসপাতালে থাকবেন, নাকি বাসায় বিশ্রাম নেবেন, তা নির্ধারণ করা হবে। বর্তমানে মন্ত্রী আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং আজমল বখ্ত চৌধুরীসহ নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হন। তাঁরা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সহধর্মিণী ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শামা হক চৌধুরী, মেয়ে নাহিয়া হক চৌধুরী এবং ছেলে আসিফুল হক চৌধুরী (আসিফ)।