জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সিলেটে সবজি ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন বাজারে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের তাজা সবজি এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে বাজারে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে পণ্যভেদে প্রতি কেজি ধনেপাতায় ৮০ টাকা, টমেটো ও শসায় ৪০ টাকা, বেগুনে ৩০ টাকা, বরবটি, ফুলকপি ও কচুতে ২০ টাকা এবং পটলে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এছাড়া কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি চাল, ডাল ও ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের দামও ক্রমাগত বাড়ছে।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ার কারণে সবজি ও অন্যান্য নিত্যপণ্যের খুচরা দাম বাড়াতে হয়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়াকে অজুহাত করে বাজারে অসাধু সিন্ডিকেট পণ্যের দাম বাড়াতে তৎপর রয়েছে বলেও তাদের অভিযোগ। অন্যদিকে, হঠাৎ বাজার চড়া হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
এ অবস্থায় সিন্ডিকেটের তৎপরতা রোধ ও বাজারে কৃত্রিম সংকট ঠেকাত অবিলম্বে সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা ও তদারকি জোরদার করার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ক্রেতা ও সাধারণ নাগরিকরা।