৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুক্তরাষ্ট্র ওলামা লীগের নেতা মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলকে মৌলভীবাজারের কুলাউড়ায় সংসদ সদস্যের কার্যালয়ে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাঁর বিএনপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়। ঘটনার তিন দিন পর সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু ও উপজেলা বিএনপির নেতারা বলছেন, সেটি যোগদান নয়, ছিল সৌজন্য সাক্ষাৎ।

গত ২৮ অক্টোবর রাতে কুলাউড়ায় মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখানে নেতাকর্মীদের উপস্থিতিতে সাইফুল আলম সিদ্দিকীকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। তাঁকে মিষ্টিমুখও করানো হয়। অনুষ্ঠানের কয়েকটি ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে ঘটনাটিকে বিএনপিতে যোগদান হিসেবে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য শকু ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম ও সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

যোগদানের ঘোষণা, পরে অস্বীকার

অনুষ্ঠানের পর সাইফুল আলম সিদ্দিকীর পক্ষ থেকে জানানো হয়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এবং সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। পরে ভাটেরা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত একজনকে দলে জায়গা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকা কুলাউড়ার বিএনপি নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

তিন দিন পর ভিন্ন বক্তব্য

সমালোচনার মুখে গত ৩১ অক্টোবর নিজের ফেসবুক পেজে ঘটনার ব্যাখ্যা দেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, সাইফুল আলম সিদ্দিকী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দলীয় কার্যালয়ে এসেছিলেন। এটি কোনো যোগদানের অনুষ্ঠান ছিল না।

শকু আরও দাবি করেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অন্য দল থেকে বিএনপিতে যোগদান নিষিদ্ধ। একই দিন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলও এক বিবৃতিতে যোগদানের খবরকে অপপ্রচার বলে দাবি করেন।

তবে ফুলের তোড়া দিয়ে বরণ, মিষ্টিমুখ এবং অনুষ্ঠানের ছবি-ভিডিও প্রকাশের পর তিন দিন পেরিয়ে দেওয়া এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, অনুষ্ঠানের পর সাইফুল আলম সিদ্দিকীর পক্ষ থেকেই বিএনপিতে যোগদানের কথা জানানো হয়েছিল।

ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আগ্রহ

সাইফুল আলম সিদ্দিকী যুক্তরাষ্ট্রপ্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। কুলাউড়ার ৩ নম্বর ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি আগ্রহী বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁর বিএনপিতে যুক্ত হওয়ার গুঞ্জন চলছিল।

তবে তাঁর বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্যে এখনো স্পষ্ট কোনো সমন্বয় নেই। একদিকে সাইফুল আলম সিদ্দিকীর পক্ষ থেকে যোগদানের কথা জানানো হয়েছে, অন্যদিকে সংসদ সদস্য ও উপজেলা বিএনপি নেতারা সেটিকে সৌজন্য সাক্ষাৎ বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *