৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ জাতীয় রাজনীতি

রাজপথে নামতে সবাইকে আহ্বান নাহিদ ইসলামের

শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই আন্দোলন এমন পরিস্থিতিতে পৌঁছেছে বলে মনে করেন তিনি। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না উল্লেখ করে জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন নাহিদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকে নিতে হবে। এটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা সংস্থার শক্তি ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা দেশের শত্রু, যারা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধানকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জাতির সামনে প্রকাশ করতে দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জনগণের আস্থা থাকলেই কেবল আন্দোলন থামবে। কিন্তু এই সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলা বাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন দাম আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *