সিলেটের ওসমানীনগরে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার ইলাশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ওসমানীনগর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে হাবিব মিয়া (১৯) এবং বালাগঞ্জ উপজেলার নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রিপন মিয়া (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ইলাশপুর গ্রামে কাঞ্চন পালের বসতবাড়ির পূর্ব পাশে অরুণ দেবের সীমানাপ্রাচীরঘেরা একটি ফাঁকা জায়গায় অভিযুক্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি লোহার রড, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, প্লাস্টিকের দড়ি, একটি প্লাস ও স্কচটেপ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, রিপন মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা এবং হাবিব মিয়ার বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা রয়েছে।
শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেন ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) তপন দেব। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই বিষ্ণুপদ।