কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত সহায়তায় চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী, যাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর সকালে চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। ওই দিন বিকেলে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ অনুসন্ধানে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিক্ষার্থীরা নিয়মিত মোবাইল ব্যবহারে আসক্ত ছিল এবং টিকটকে ভিডিও আপলোড করত। এর মাধ্যমে অপরিচিত একাধিক তরুণের সঙ্গে তাদের যোগাযোগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি ভুল ধারণা ও কাল্পনিক জীবনধারার প্রভাবে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশ্যে তারা বাসা থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে বের হয়ে পড়ে।
বাড়ি ছাড়ার পর তারা কুমিল্লার একটি মার্কেট থেকে মোবাইল ফোন চার হাজার টাকায় বিক্রি করে সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায়। সেখানে পরিকল্পনা সফল না হওয়ায় ওই দিনই এক শিক্ষার্থীর দাদাবাড়ির উদ্দেশে চুনারুঘাটের দিকে রওনা দেয়। জেলা গোয়েন্দা শাখা ইতিমধ্যে বিক্রি করা মোবাইল ও সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে এবং চার শিক্ষার্থীকে উদ্ধার শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।