জরুরি রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য সিলেটের জৈন্তাপুরের নির্দিষ্ট কিছু এলাকায় শনিবার (১০ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জৈন্তাপুর শাখা।
জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়ন ও মেরামতের স্বার্থে ৩৩ কেভি ফিডারের বটেশ্বর থেকে হরিপুর (বালিপাড়া) পর্যন্ত এলাকা এবং জৈন্তা ডিগ্রি কলেজের শাপলা ফিলিং স্টেশন থেকে দরবস্ত বাজার পর্যন্ত অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত সংযোগ পুনঃস্থাপন করা হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।