৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচলকে কেন্দ্র করে হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর থেকে জেলাটির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বানে শুরু হওয়া এই ধর্মঘটে জেলার সব যানবাহন মালিক-শ্রমিক সমিতি একাত্মতা প্রকাশ করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেলের দাবি, শ্রীমঙ্গলে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখার প্রতিবাদে বাধ্য হয়ে তারা এই কর্মসূচি দিয়েছেন। তিনি জানান, গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছিল হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে আগের মতো বাস চলবে, তবে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ দেওয়া যাবে না। কিন্তু ১১ সেপ্টেম্বর ২২টি এবং পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর পুনরায় তিনটি বাস আটকে দেওয়ায় এই অচলাবস্থা তৈরি হয়।

অন্যদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এসএমএস বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন বাস আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের লোকজন শ্রীমঙ্গলে এসএমএস পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর করায় শ্রীমঙ্গলের ক্ষুব্ধ শ্রমিকরাই বাস আটকে রেখেছেন। এই হামলায় কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং একজন আইসিইউতে রয়েছেন উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় থানায় মামলাও দায়ের করা হয়েছে।

পরিবহন নেতারা জানিয়েছেন, সমস্যার স্থায়ী সমাধান এবং পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী নির্বিঘ্নে বাস চলাচলের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *