মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা ও ২৬ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে ইছবপুর এলাকার মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাসা থেকে এটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অজগরটিকে অক্ষত অবস্থায় স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা খাটের নিচ থেকে ‘হিস হিস’ শব্দ শুনতে পান। পরে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে বিশাল অজগরটি দেখতে পেয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় চিকিৎসক প্রলাদ বাবুকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে অজগরটিকে উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং গবেষক জোহরা মিলা জানান, অজগর একটি নির্বিষ ও নিশাচর প্রাণী এবং সাধারণত মানুষের ক্ষতি করে না। তবে চামড়া পাচারের কারণে বনভূমি থেকে প্রজাতিটি দিন দিন হারিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২’-এর তফসিল-২ অনুযায়ী অজগর একটি সংরক্ষিত প্রাণী; ফলে একে হত্যা বা এর যেকোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ভবিষ্যতে কোনো এলাকায় বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে তা হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।