সিলেট নগরীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় পুলিশের অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলরোড থেকে ধোপাদিঘী পর্যন্ত এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের পাঁচটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জকিগঞ্জের হাতিডহর গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ (৩২), একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে সেলিম আহমেদ (৩৭), মৌলভীর চক গ্রামের আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের মেছা গ্রামের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), একই গ্রামের নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার ১০নং রোডের বর হইকান্দি গ্রামের লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮) এবং গোপশহর গ্রামের আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯)।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কানাইঘাটের মহেশপুর গ্রামের নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বড়ইকান্দি গ্রামের রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।